খুলনা: খুলনার রূপসায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ডোমরা যুব সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতাকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য দর্শনার্থীর উপস্থিতিতে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত দক্ষ অশ্বারোহীরা অংশগ্রহণ করেন। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ এই ঘোড়দৌড় প্রতিযোগিতা স্থানীয় জনগণের কাছে দীর্ঘদিন ধরে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।
ঘোড়া দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ক্রীড়াকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘ঘোড়দৌড় আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু বিনোদনই নয়, মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। নতুন প্রজন্মের কাছে আমাদের শেকড় ও ঐতিহ্যকে তুলে ধরতে এ ধরনের আয়োজন আরও বেশি করে হওয়া প্রয়োজন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।’
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘোড়দৌড়ে প্রথম স্থান অর্জন করে পাইকগাছার ঘোড়া, দ্বিতীয় স্থান অর্জন করে নড়াইলের ঘোড়া এবং তৃতীয় স্থান অর্জন করে লোহাগড়ার ঘোড়া। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি।
অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা এনামুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য নাজমুস সাকিব পিন্টু, আরিফুর রহমান আরিফ, জেলা সাধারণ সাধারন সম্পাদক শেখ মাহামুদ আলম লোটাস, শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন ইজারাদার, শ্রীফলতলা ইউনিয়নের পালেরহাট মহাশশ্মান কমিটির সভাপতি ও সমাজসেবক সমর কুমার কুন্ডু, সমাজসেবক জাকির হোসেন জমাদ্দার, ইপসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. সাইফুল ইসলাম প্রমুখ।