সুনামগঞ্জ: জেলার দিরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১ জন নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের দিরাই পৌরসভার সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দিরাই উপজেলার শরিফপুর গ্রামের কে.ভি অটোবিক্স থেকে দিরাইয়ে ইট দেওয়ার পর ট্রাক নিয়ে ইটভাটায় ফিরছিলেন ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। দিরাই থেকে শরিফপুরে আসার সময় সুনামগঞ্জ-দিরাই সড়কের সুজানগর এলাকায় হঠাৎ করে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এসময় ট্রাকটি দ্রুত গতিতে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়েমুচড়ে যায়। এসময় ট্রাকের ভেতরেই মারা যান ইট ভাটার ম্যানেজার আনোয়ার হোসেন। ঘটনার পর ট্রাক চালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে যান। পরে সেখানে থাকা স্থানীয়রা দিরাই থানা ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে উপস্থিত হয়ে ট্রাকের ভেতর থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দিরাই-সুনামগঞ্জ সড়কের সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’