হিলি: দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকা দিয়ে রাতের অন্ধকারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন বা ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) রাত আনুমানিক ৩টার দিকে ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতের চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে ৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল বিএসএফের এই অনৈতিক তৎপরতা টের পায় এবং তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির অনড় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যরা ওই ৫ ভারতীয় নাগরিককে সীমান্ত থেকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
ঘটনার পরপরই জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ভূত পরিস্থিতিতে ঘাসুড়িয়া সীমান্তে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।
অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, ঘটনার পরপরই আমি ওই এলাকা পরিদর্শন করেছি। কোনোভাবেই যেন বিএসএফ কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করতে না পারে, সেজন্য সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি টহল ও পোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং সীমান্তের ওপারে আর কোনো সাধারণ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে না। তবে কোনো বিষয়কেই বিজিবি হালকাভাবে দেখছে না। ভারত থেকে অবৈধ উপায়ে কোনো ব্যক্তি যাতে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য অরক্ষিত সীমান্তগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিজিবির কঠোর নজরদারি জারি রয়েছে।