চাঁদপুর: জেলার ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের অভিযোগ তুলে তা প্রত্যাহার, মামলার বাদী আবুল খায়ের-কে গ্রেফতার এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আবুল খায়ের ফরিদগঞ্জের শান্ত রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করতে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছেন।’ একই সাথে এই মামলায় ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন সরাসরি পক্ষপাতিত্ব ও সহযোগিতা করছেন বলে অভিযোগ তোলেন তারা।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আবুল খায়েরকে ঘটনার মূল হোতা উল্লেখ করে গ্রেফতারের দাবি জানান। একই সাথে ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করা এবং ফরিদগঞ্জকে অশান্ত করার অপচেষ্টার অভিযোগ তুলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনের দ্রুত পদত্যাগ ও অপসারণেরও দাবি করেন তারা।
মিছিলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।