ব্রাহ্মণবাড়িয়া: জেলার সদর উপজেলায় দেশীয় অস্ত্রসহ মো. রিগান নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) রাতে সদর উপজেলার ৩ নম্বর সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজারে জনতা ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো. রিগান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার (৭ জুন) রাত ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সদর উপজেলার ৩ নম্বর সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজারে জনতা ব্যাংকের সামনে থেকে রিগানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক অস্ত্রটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতার হওয়া রিগানের বিরুদ্ধে এর আগে ডাকাতির প্রস্তুতি, হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৯টি ডাকাতির প্রস্তুতি, একটি হত্যা, একটি মাদক এবং দুটি অন্যান্য ধারার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।