Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ২২:৪৬

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার সবজি বাজার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং যান চলাচলে বিঘ্ন ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ জানায়, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি টহল দল কয়েকটি থ্রি-হুইলার আটক করে। এ সময় ক্ষুব্ধ চালক ও তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে গাড়িটি ভাঙচুর করে। এতে গাড়িটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মমিন বলেন, অবৈধ থ্রি-হুইলার আটকের পর প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভাঙচুর চালায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি আরও জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর