নাটোর: নাটোরের গুরুদাসপুরে রহস্যজনক জাহেরা বেগম নামের এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) রাত ১১ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজুর গ্রামের নিজ বাড়ী থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহেরা বেগম হলেন মৃত আবুল হোসেনের সহধর্মিণী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজ শয়নঘরে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখতে পান।
বৃদ্ধার ছেলে জাকের বলেন, তার স্ত্রী ফরিদা বেগমের চিকিৎসার জন্য এলাকার আলাল, খবির ও হাশেমের নিকট হতে তিন লাখ টাকা সুদ নেন। সুদের টাকার জন্য প্রচণ্ড চাপ দেন এই তিনজন সুদে কারবারি। প্রতিনিয়ত তারা বাড়িতে এসে টাকার জন্য হুমকিও দেন। কাজ শেষে সন্ধ্যার দিকে ছেলে ও ছেলের বউ বাড়িতে এসে শয়ন কক্ষের মেঝেতে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।
মরদেহ দেখে তারা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এ ঘটনার সঙ্গে সুদের কারবারিরা জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন বৃদ্ধার ছেলে জাকির। তবে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, ‘খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসছেন। মৃত্যুর পিছনের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।’