Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ২০:৩৯ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ২০:৪০

ঢাকা: প্রয়াত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের একজন খাঁটি যোদ্ধা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তার সঙ্গে নানা আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার স্মৃতি তুলে ধরে এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য ও ঝগড়া হলেও দিনশেষে তাঁরা বিএনপির আদর্শ ও মানুষের জন্য একসঙ্গে কাজ করেছেন।’

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এবং ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনও বক্তব্য দেন। তারা খোকার রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং ঢাকা মহানগরীতে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকার কথা স্মরণ করেন।

সাদেক হোসেন খোকার সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কের স্মৃতিচারণ করে মির্জা আব্বাস বলেন, ‘খোকা ছিলেন রাজপথের একজন খাঁটি যোদ্ধা। তিনি কম হাসতেন, কিন্তু তার কথাবার্তা ও আন্তরিকতা মানুষকে সহজেই কাছে টেনে নিত। তিনি অত্যন্ত সহজ-সরল ও বড় মনের মানুষ ছিলেন।’

নিজেদের শৈশব, কৈশোর ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তিনি শাহজাহানপুরের এবং খোকা গোপীবাগের বাসিন্দা ছিলেন। পাশাপাশি এলাকার বাসিন্দা থেকে কখন যে তারা একে অপরের সঙ্গী ও রাজনৈতিক সহযোদ্ধা হয়ে উঠেছেন, তা বুঝতে পারেননি। মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা সবখানেই তারা একসঙ্গে ছিলেন।

মির্জা আব্বাস বলেন, ‘খোকা এবং আমার জীবনের নানা ঘটনা নিয়ে যদি লিখতে বসি, তবে আস্ত একটি বই হয়ে যাবে। রাজনীতিতে আমাদের মতপার্থক্য কিংবা ঝগড়াও হতো, কিন্তু দিনশেষে আমরা বিএনপির আদর্শ ও মানুষের জন্য একসঙ্গে কাজ করেছি।’

রাজনীতির নানা পরিবর্তনের মধ্য দিয়ে একসঙ্গে পথচলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ সে আমাদের মাঝে নেই, সে থাকলে হয়ত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আরও অনেক ভালো কিছু হতে পারত।’

প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘খোকাকে নিয়ে পরবর্তী সময়ে বড় পরিসরে একটি স্মরণসভার পরিকল্পনা রয়েছে। সেখানে তার রাজনৈতিক অবদান ও জীবনের নানা দিক তুলে ধরা হবে।’

একই সঙ্গে তিনি সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি সহমর্মিতা জানানো এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর