ঢাকা: গণভোটের রায় বাস্তবায়নসহ গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের যাত্রাপথে গাজীপুরের ভোগড়া মোড়ে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘এই ১১ দল গণদাবি আদায়ের জন্য যে রাজপথে নেমেছে, এ রাজপথ থেকে বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘দ্বিতীয় পর্বের দ্বিতীয় কর্মসূচি হিসেবে শনিবার ঢাকার ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ থেকে শহিদ আবু সাঈদের স্মৃতিধন্য রংপুরের উদ্দেশে যাত্রা শুরু হয়েছে। উত্তর জনপদ থেকে যে জাগরণ শুরু হবে, তা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।’
তিনি আরও বলেন, ‘জনগণের ভোটের রায় কার্যকর করা ছাড়া বর্তমান সরকারের আর কোনো বিকল্প পথ নেই। আধিপত্যবাদী শক্তিগুলো বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলাদেশের মানুষের ভাগ্য ইনশাআল্লাহ তারা নিজেরাই নিজেদের হাতে তুলে নেবে। বিদেশি অপশক্তির কোনো হস্তক্ষেপ বরদাশত করা হবে না।’
মামুনুল হক বলেন, ‘শহিদ শরীফ ওসমান হাদি, দেশপ্রেমিক ইলিয়াস আলীসহ যাদের গুম, খুন ও হত্যা করা হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার জনগণ আদায় করে ছাড়বে।’
হত্যাকারীদের বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর না করে বাংলাদেশের মানুষের অনুভূতি নিয়ে যারা খেলার চেষ্টা করছে, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন-সংগ্রামের মাঠে থাকবেন তো, ইনশাআল্লাহ।’