Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বাজার দখলকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ২০:১১

ককটেল বিস্ফোরণের মুহূর্ত।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে পানহাটির দখল নিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইসঙ্গে বিএনপি-জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে পলাশবাড়ি উপজেলার পৌর শহরের ছোট শিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে। পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ারে আলম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পরে বেশ কিছুদিন থেকেই পানহাটিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। একই সূত্র ধরে আজ সকালেও উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফারণে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছোট শিমুলতলা এলাকার পানহাটি সংলগ্ন পলাশবাড়ি-ঘোরাঘাট আঞ্চলিক মহাসড়কে দুই দিকে দুই পক্ষের লোকজন অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পালটা ধাওয়া দেয়। এ সময় হাতে দেশীয় অস্ত্র (হাসুয়া) ও বাঁশের লাঠি নিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ ধ্বনি উচ্চারণ করতেও শোনা যায়। একই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফারণ ঘটানো হলে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষকে দিগ্বিদিক ছুটতেও দেখা যায়।

অন্যদিকে পানহাটিতে থাকা দু’টি গাছ এবং হাটের কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙার ঘটনাও ঘটেছে।

পলাশবাড়ি থানার ওসি সারোয়ারে আলম খান বলেন, ‘সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর