Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বাসের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ জুন ২০২৬ ২০:১৯

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাপলা বেগম (৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস মিয়া জেলার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। আহত শাপলা বেগম একই গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বুড়িরঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা অরিন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বিজ্ঞাপন

এতে ইজিবাইকচালক ফেরদৌস মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং শাপলা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরওয়ার আলম খান বলেন, ‘দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর