Friday 12 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভাসানীর স্মরণে ভাসানী হলের জরাজীর্ণ ভবন দ্রুত সংস্কার করা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ২০:০৪

কথা বলছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী ভাসানী হলের জরাজীর্ণ ভবন দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, মাওলানা ভাসানীর স্মৃতিবিজড়িত এই স্থাপনাটির রক্ষণাবেক্ষণ ও পুনরুজ্জীবনে সরকার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে টাঙ্গাইল শহরের ভাসানী হল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘ভাসানী হল টাঙ্গাইলের জন্য অত্যন্ত ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ। ভাসানী হল প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা ভাসানী। ভাসানী বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নেতা। কাজেই তার স্মৃতিবিজড়িত ভাসানী হলকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। সেই লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে জরাজীর্ণ ভবনটি সংস্কার করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলকে এক সময় সাংস্কৃতিক নগরী বলা হতো। সেই নগরীতে এভাবে একটি মিলনায়তন পড়ে থাকবে তা হতে পারে না। এর মধ্যেই আমরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছি। যেহেতু ভাসানী হলটি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন, তাই আমরা দ্রুততম সময়ের মধ্যে এটি সংস্কার করার পদক্ষেপ নেব।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঐতিহাসিক এই ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ফলে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। ঐতিহ্যবাহী এ স্থাপনাটিকে পুনরুজ্জীবিত করে টাঙ্গাইলের সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।’

সরকার সংস্কৃতি চর্চার বিকাশ ও নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনের সময় গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর