Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে চালকের আসনের নিচে অস্ত্র, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৬ ১৪:২৯

উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত ব্যক্তি।

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় দেশীয় তৈরি একটি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র ও কার্তুজ পরিবহণে ব্যবহৃত একটি লেগুনা জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) কাজী মো. আব্দুর রহিম।

সংবাদ সম্মেলনে কাজী মো. আব্দুর রহিম বলেন, ‘বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেট এলাকার এম. আলম গ্যাস স্টেশনে দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে অভিযান চালায় ডিবি পশ্চিম বিভাগের একটি দল।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি লেগুনায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে যান।’

পরে মিজানুর রহমানের দেখানো মতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র ও কার্তুজ পরিবহণে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন। তবে সেগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

এ ঘটনায় মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে। নিজাম উদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান কাজী মো. আব্দুর রহিম। পুলিশ জানিয়েছে, নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর