পিরোজপুর: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী, এনএসআই পিরোজপুর-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘পরিবেশ রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।’ তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।