রংপুর: রংপুর নগরীর খামার মোড়ে দোকানের কর্মচারী মো. শাওন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকান মালিকের ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত দোকান মালিকের ছেলে মিজানুর রহমান মনুকে (৩০) ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) রাত ১০টায়। থালা-বাসন ধোয়ার জায়গায় থুথু ফেলার কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
নিহত শাওন গত চার বছর ধরে ওই দোকানে কাজ করতেন। শাওন খামার মোড় এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর খামার মোড় মেয়রের গলিতে আমির হোসেনের ভাজাপোড়ার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন শাওন। মঙ্গলবার রাতে দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে থুথু ফেলা নিয়ে শাওন ও মনুর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনু একটি হাতুড়ি দিয়ে শাওনের মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
আহত শাওনকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মনুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। শাওনের স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে রাতেই কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু থুথু ফেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
অভিযুক্ত মনুর পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এবং ওঝার মাধ্যমে তার চিকিৎসা চলছে। তবে পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।