ফরিদপুর: সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৮৮০ বোতল মাদক (স্কাফ সিরাপ)-সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে মাদকসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর-রাজবাড়ী মহাসড়কের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের রহবম গাজীর ছেলে মো. রানা গাজী (৩২)।
র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্প কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোস্তাদা জানান, উদ্ধার করা স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৪০ হাজার টাকা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রানা গাজী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। এছাড়া তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১০ জানিয়েছে, উদ্ধার করা মাদক ও গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক আমাদের সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।