চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় কুমিরা ক্যাম্পাসের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে (৫৭) টাকাসহ রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন দুপুরে ব্যাংকের কর্মকর্তারা খাবারের বিরতিতে গেলে বুথটি তালাবদ্ধ করে যান। পরে ফিরে এসে ক্যাশ গণনার সময় ১ হাজার টাকার ১৭টি বান্ডেল, অর্থাৎ মোট ১৭ লাখ টাকা খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সিকিউরিটি গার্ড আইয়ুব আলী নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করেন এবং ড্রয়ার থেকে টাকা নিয়ে একটি ব্যাগে ভরে দ্রুত সেখান থেকে চলে যান।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, মামলার পর টাকা উদ্ধারে নামে থানার কয়েকটি টিম। অভিযুক্ত আইয়ুবের খোঁজে প্রথমে কক্সবাজারে তার গ্রামের বাড়িতে গেলে সেখানে তাকে পাওয়া যায়নি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার খোঁজ মেলে রংপুরে। সেখানে শনিবার (২৭ জুন)গভীর রাতে অভিযান চালিয়ে চোর আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। তখন তার কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রোববার (২৮ জুন) আসামি আইয়ুব আলীকে আদালতে পাঠানো হয়েছে।