Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জৈব সারের বদলে বর্জ্য বিতরণের অভিযোগ কৃষি কর্মকর্তা বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৪:২৩

কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারার সঙ্গে জৈব সারের পরিবর্তে বর্জ্য বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বদলি করা হয়েছে।

রোববার (২৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা।

বিজ্ঞাপন

অফিস আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে প্রশাসনিক কারণে রতন চন্দ্র বর্মনকে বর্তমান কর্মস্থল কামারখন্দ উপজেলা থেকে বদলি করা হয়েছে। তাকে আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থল খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২ জুলাই থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

জানা গেছে, সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে গাছের চারা বিতরণের পাশাপাশি চারা রোপণের জন্য জৈব সার দেওয়ার কথা ছিল। তবে অভিযোগ ওঠে, জৈব সারের পরিবর্তে নিম্নমানের বর্জ্য জাতীয় উপকরণ বিতরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হলে প্রশাসনের নজরে আসে।

অভিযোগের সত্যতা যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের গঠন করা তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করবে এবং পরবর্তীতে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সরকারি কর্মসূচির উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর