Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১১:২৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ওলিপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নুরনবী। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন এবং তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কোয়ালিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নাজমুলকে হাসপাতালে নিয়ে আসা তার ভাতিজা ও প্রতিবেশী সাকিব আলম জানান, রাতে গ্রামের বাড়ি থেকে ফোন পেয়ে তারা জানতে পারেন উত্তরা হাউজ বিল্ডিংয়ের জয়নাল মার্কেট নতুন গেট এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল আহত হয়েছেন। পরে তারা কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে তাকে দেখতে পান। পথচারীরা আহত অবস্থায় তাকে সেখানে নিয়ে গিয়েছিল।

বিজ্ঞাপন

সেখান থেকে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে নেওয়ার পরই তিনি মারা যান।

পথচারীদের বরাতে জানা যায়, জয়নাল মার্কেট নতুন গেট এলাকার রেললাইনে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের মধ্যে পড়ে নাজমুল গুরুতর আহত হন। তবে ঘটনার সময় তিনি কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর