Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দূষণ কিছুটা কমলেও ঢাকার বাতাস এখনো ‘অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১১:৩৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: দূষণের মাত্রা সামান্য কমেছে রাজধানী ঢাকায়। তবে বায়ুমানের উন্নতি হলেও ঢাকার বাতাস এখনো ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ১৫৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে ঢাকা।

এর আগের দিন বৃহস্পতিবার ঢাকার একিউআই স্কোর ছিল ১৭৩। অর্থাৎ আগের দিনের তুলনায় দূষণ কিছুটা কমলেও বায়ুমানের এই মাত্রা এখনও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ২০৩ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই তালিকায় পাকিস্তানের লাহোর ১৯১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারতের কলকাতা ১৮৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত।

বিজ্ঞাপন

এ ছাড়া কাতারের দোহা (১৮৬) চতুর্থ, কিরগিজস্তানের বিশকেক (১৮৬) পঞ্চম, ভিয়েতনামের হ্যানয় (১৭৭) ষষ্ঠ, ইরাকের বাগদাদ (১৭৬) সপ্তম এবং পোল্যান্ডের ভ্রৎসওয়াফ (১৭৪) অষ্টম অবস্থানে রয়েছে। তালিকার নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে চীনের চেংডু (১৬৪) এবং উগান্ডার কামপালা (১৬০)।

বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। এই অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা ঢাকায় শীত মৌসুমে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। পরিবেশবিদরা দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে রাজধানীর বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হতে পারে বলে সতর্ক করছেন।

সারাবাংলা/এফএন/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর