ঢাকা: রাজধানীর ভাটারা সোলমাইদ এলাকার একটি বাসা থেকে আবু রায়হান তুহিন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভাটারা সোলমাইদ মাতবরবাড়ি এলাকার একটি বাসা ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
আবু রায়হান তুহিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত কবির হোসেনের ছেলে। তুহিন আগে একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। তবে বর্তমানে বেকার ছিলেন।
মৃত তুহিনের চাচাতো ভাই জাবেদ রায়হান জানান, সোলমাইদের বাসায় খালাতো ভাই আবু বকর জীবনের সঙ্গে থাকতেন তুহিন। সকালে তুহিনকে বাসায় রেখে জীবন বাইরে যান। সকাল ১১টার দিকে বাসায় ফিরে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। অনেকক্ষুণ যাবত ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙ্গে দেখা যায়, তুহিন ফ্যানের এংগেলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছেন। পরে নিজেরাই ঝুলন্ত থেকে নামিয়ে থানায় জানায়।
তিনি আরও জানান, একটি মেয়ে সঙ্গে তুহিনের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের জের ধরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুহিন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মোবাশসির রহমান জানান, খবর পেয়ে দুপুরে ওই বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহ মেঝেতে শায়িত অবস্থায় ছিল। আত্মহত্যার কারণ জানতে পারি নাই। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।