Friday 06 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিলে গাড়িতে ‘ঘষা’ লাগা নিয়ে পুলিশের এডিসিকে মারধর, গ্রেফতার ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানা এলাকার গুলশান-১ পুলিশ প্লাজার কাছে সড়কে একটি গাড়িতে ‘ঘষা’ লাগাকে কেন্দ্র করে পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

আহত এডিসি মাহফুজ্জামান সরকার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত। মারধরের কারণে তার শরীরে ১৭টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ সারাবাংলাকে জানান, দায়িত্ব পালন শেষে প্রাইভেটকারে করে আফতাবনগরের বাসায় যাচ্ছিলেন এডিসি মাহফুজ্জামান সরকার। সঙ্গে তার এক বন্ধুও ছিলেন। হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজ পার হওয়ার সময় পাশ দিয়ে চলা আরেকটি গাড়ির সঙ্গে তার গাড়ির সামান্য ঘষা লাগে।

এরপর ওই গাড়ির লোকজন মাহফুজ্জামানের গাড়ির গতিরোধ করে বাগ্‌বিতণ্ডা শুরু করে। এক পর্যায়ে ১০-১২ জন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়।

ডিসি সৈয়দ মোহাম্মদ ফরহাদ আরও বলেন, ‘হামলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিল বলে শুনেছি। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা সবাই ব্যবসায়ী। এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-মোরশেদ আলম, মো. বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর