Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারি কর্মচারীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় জামায়াতের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারি কর্মচারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে অগ্রসর হলে বেলা সোয়া ১১টার পর পুলিশ তাদের ওপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। এতে বহু সরকারি কর্মচারী আহত হন। এই ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

বিজ্ঞাপন

জুবয়ের বলেন, ‘শান্তিপূর্ণভাবে দাবি আদায় করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। যৌক্তিক দাবি উত্থাপনের জবাবে বলপ্রয়োগের ঘটনা কোনো সমাধান বয়ে আনবে না। সরকারি কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের ন্যায্য দাবিকে সম্মান জানিয়ে দ্রুত তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া সরকারের দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধানের পক্ষে। তিনি শান্তিপূর্ণ উপায়ে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।’

তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতি নিরসনে সরকারের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো।

একই সঙ্গে তিনি সকল পক্ষকে সংযম প্রদর্শন ও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সেই সাথে অবিলম্বে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানান।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো