ঢাকা: রাজধানীর শাহবাগে ফের পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
দ্বিতীয় দফায় এই সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ছাড়া বিকেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে আহত হয়ে অন্তত ৪০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিন, দুপুরে থেকে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করলে রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকা।