ঢাকা: সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর রাজধানী শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘোষণা দিয়ে ডাকসু নেতাদের আহ্বানে শাহবাগ ছাড়ে ইনকিলাব মঞ্চ। ফলে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ডাকসু নেতারা অবস্থান কর্মসূচিতে এসে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের নির্দেশনা অনুযায়ী কর্মীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে জানানো হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে, শুক্রবার রাতে ও বিকেলে কয়েক দফায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। প্রথমে দুপুরে থেকে জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের।আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করলে রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকা।
এরপর রাত ৭টা ৫০ মিনিটের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।