ঢাকা: বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের এক প্রতিবাদ সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ চাওয়া হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি বাতিলের প্রতিবাদে হওয়া সভায় এ দাবির কথা তোলেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, স্বায়ত্তশাসন নিশ্চিত করা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধনের একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগেও, ২০২৪ সালের আগস্ট মাসে অর্থ উপদেষ্টা কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল। তবে অনেক সময় পার হলেও এ বিষয়ে অগ্রগতি না হওয়ায় আর্থিক খাতের শৃঙ্খলা ও সুশাসন জোরদারের প্রশ্নে উদ্বেগ বাড়ছে।
সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক খাতের সংস্কার ও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি কার্যকর, স্বাধীন ও সক্ষম কেন্দ্রীয় ব্যাংক অপরিহার্য।
এ অবস্থায় ৫ ফেব্রুয়ারি ইস্যুকৃত এক পত্রে অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন বিষয়ে তার অপারগতার কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জানান। এই চিঠিই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় আইনগত সংস্কার ছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা কঠিন হবে, যা দীর্ঘমেয়াদে দেশের আর্থিক খাতের জন্য ঝুঁকিপূর্ণ।