ঢাকা: রাজধানীর বিজিবি সদর দফতরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিজিবি সদরদফতরের অফিসার্স কোয়ার্টারের ওই কর্মকর্তার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মারুফ হাসান জানান, সংবাদ পেয়ে বিজিবি সদর দফতরের একটি বাসার বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এসময় সে বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে গলায় উড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।
এসআই জানান, হালিমা কামরাঙ্গীরচরের ভান্ডারিয়া মোড় এলাকার মৃত শাহআলমের মেয়ে। তিনি প্রায় ৬ মাস ধরে বিজিবি সদর দফতরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম ও তার স্ত্রী ডা. তুনাজোনা বিনতে মাহবুবের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন।
ঘটনার সময় বাসার মালিক ও তার স্ত্রী বাইরে ছিলেন। বাসায় তাদের একমাত্র শিশু সন্তান ছিল। বাসার রানার মো. সালাউদ্দিন বাজার থেকে ফিরে হালিমাকে খুঁজে না পেয়ে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় খবর দেন তিনি।
এসআই মারুফ হাসান আরও জানান, বেলা ১২টার দিকে গৃহকর্ত্রীর সঙ্গে হালিমার কথা হয় এবং তখন সে স্বাভাবিক ও হাসিখুশি ছিল বলে জানা গেছে। কেন সে এমন পদক্ষেপ নিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।