ঢাকা: বাংলাদেশ সব নারী ও কন্যার জন্য নিরাপদ দেশ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তা, আর নেতৃত্বের শক্তি ছিল তার সাহসিকতায়।
নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নারী যখন এগিয়ে যায় তখন জাতিও এগিয়ে যায়। তাই বাংলাদেশকে সব নারী ও কন্যার জন্য নিরাপদ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দেশ আরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।