Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মোহাম্মদপুরে ছিনতাই-মারধরের শিকার দুদক মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ০৮:১০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে হাঁটতে গিয়ে তিন ছিনতাইকারী দ্বারা ছিনতাই ও মারধরের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। এমনকি তার আইফোন ছিনিয়ে নেওয়ার সময় পাসওয়ার্ডও জেনে নেয় ছিনতাইকারীরা। একইসঙ্গে তার মানিব্যাগ ও ঘড়ি নিয়ে যায় তারা।

শনিবার (৭ মার্চ) রাতে সাড়ে ১০টার দিকে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহিদ ফাইয়াজ চত্বরে রাত হাঁটাহাটির সময় ছিনতাইয়ের শিকার হন তিনি।

ছিনতাইকারীরা তার আইফোনের পাসওয়ার্ডের জন্য ধারালো অস্ত্রের উলটো দিক দিয়ে আঘাত করে ও বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়েছে তাকে। হামলায় আহত এই কর্মকর্তা বর্তমানে সরকারী কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

দুদক মহাপরিচালকের ওপর হামলার এ ঘটনায় মোহাম্মদপুর থানায় রোববার (৮ মার্চ) মামলা করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হব।

মামলার এজাহারে বলা হয়, দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে ফাইয়াজ চত্বরে হাঁটাহাটি করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিনজন চাপাতি ও সামুরাই নিয়ে তার কাছে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়। এরপর তারা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড বলার পর তারা অটোরিকশায় করে পালিয়ে যায়। ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাক করে আসামিদের অবস্থান শনাক্ত করে তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানালে মোহাম্মদপুর থানার টহল টিম তাজমহল রোডে গিয়ে আসামিদের আটকের চেষ্টা করলেও তারা বাইকে করে পালিয়ে যায়।

উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুদকের মহাপরিচালকের দায়িত্বে আসেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর