ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় লাগা আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে। ওই ভবনে আটকা পড়া ২৪ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৯ মার্চ) বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন নির্বাপণ সম্পন্ন হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।
তিনি বলেন, আমাদের ৬টি ইউনিট কাজ করে আগুন ৪টা ৩৫ মিনিটে পুরোপুরি নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন লাগা ভবন থেকে মোট ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪ জন পুরুষ ও ১০ জন নারী।
এ ছাড়া এক নারীকে আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তিন তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।