Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঈদ ঘিরে বাড়ছে মাংসের দাম, চাহিদা কম সবজিতে

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৩:৫৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: পবিত্র ঈদুল আজহা আসতে এখনো কয়েক দিন বাকি, কিন্তু এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে মাংসের বাজারে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর কিছু কিছু জায়গায় গরুর মাংসের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া মুরগির দামও বেড়ে চলছে অস্বাভাবিকভাবে। তবে ঠিক উলটো চিত্র সবজির বাজারে, ক্রেতা সংকটে যা অনেকটা নিম্নমুখী।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগ, মহাখালী, কারওয়ান বাজার ও মিরপুর ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, এলাকাভেদে গরুর মাংস এখন বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮৫০ টাকা কেজিতে। আর ব্রয়লার, সোনালি, লেয়ার ও দেশি সব ধরনের মুরগির দামই বেড়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি ২২০ থেকে ২৩০ টাকা, সোনালি মুরগি ও লেয়ার মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর এসব মুরগিতে কেজিপ্রতি বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। তবে বাজারে প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭০০ টাকায়, যা সপ্তাহখানেক আগেও ছিল ৬০০ থেকে ৬২০ টাকা।

বিজ্ঞাপন

বিক্রেতারা বলছেন, ঈদ ও সেহেরী ঘিরে মুরগির চাহিদা বেড়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। প্রত্যন্ত এলাকা থেকে সেভাবে মুরগি সরবরাহ হচ্ছে না। আর পাইকারি বাজারে প্রতিদিন দাম বাড়ছে।

এদিকে, সবজির ব্যবহার কম থাকায় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা খুঁজে পাচ্ছেন না সবজি বিক্রেতারা। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা, আলু প্রতি কেজি ১৫ টাকা, মুলা ২০ থেকে ৩০ টাকা, শিম ৩০ থেকে ৫০ টাকা, টমেটো ২০ থেকে ৪০ টাকা। তবে বরাবরের মত করলার দাম বাড়তি রয়েছে, প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

অন্যদিকে, মাছের বাজারে নেই কোনো সুবাতাস। রমজানের শুরু থেকেই দাম কমার লক্ষণ নেই মাছের বাজারে। মাছের বাজারে ছোট থেকে শুরু করে বড় মাছ সবই চড়া। চাষের পাঙ্গাশ বা তেলাপিয়াও কেজিপ্রতি ২১০ থেকে ২৫০ টাকার নিচে মিলছে না। বড় সাইজের চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০০ টাকায়, শৌল মাছ প্রতি কেজি ৮০০ টাকা, ভেইদা মাছ ৮০০ টাকা, রুই মাছ ৩২০ থেকে ৪০০ টাকা কেজি। এছাড়া, চাষের পাবদা, কই, শিং, কাতলের দামে স্থিতিশীলতা রয়েছে। তবে সাধ্যের মধ্যে আছে ডিমের দাম, এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকা।

ক্রেতারা বলছেন, সবজি কিনতে এসে কিছুটা ভালো লাগছে, কিন্তু মাছ বা মাংসের দিকে তাকালে বাজেটে কুলিয়ে ওঠা যাচ্ছে না। ঈদকে ঘিরে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছে। তবে সবজির দাম কমায় স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর