Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১১:৩১

ঢাকা: রাজধানী ঢাকার বায়ুদূষণ আবারও উদ্বেগজনক পর্যায়ে উঠেছে। আজ সোমবার সকালে প্রকাশিত আন্তর্জাতিক বায়ুমান সূচকে দেখা গেছে, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) সকালে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৪৮। এই মাত্রাকে বায়ুমান সূচকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

ঢাকার পরিবেশগত পরিস্থিতি দীর্ঘদিন ধরেই দূষণের চাপে রয়েছে। কয়েক দিন আগে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা গেলেও সাম্প্রতিক সময়ে দূষণের মাত্রা আবারও বাড়তে শুরু করেছে। ফলে নগরবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার ওপরে রয়েছে দক্ষিণ কোরিয়া ও মিশরের তিনটি শহর। তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়ার ইনচিওন শহর, যার বায়ুমান স্কোর ১৬৩। দ্বিতীয় স্থানে রয়েছে দেশটির রাজধানী সিউল, যার স্কোর ১৫৬। তৃতীয় স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যার স্কোর ১৫৫।

অন্যদিকে তালিকার পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ১৪২। এতে দেখা যাচ্ছে, এশিয়া ও আফ্রিকার বড় শহরগুলোতে দূষণের মাত্রা ক্রমেই বাড়ছে।

বায়ুমান সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বাতাস ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বাতাস মাঝারি মানের হিসেবে বিবেচিত হয়। তবে ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

ঢাকার বর্তমান স্কোর ১৪৮ হওয়ায় শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষের জন্য বিশেষ সতর্কতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিচ্ছেন, এই সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে যাওয়া বা দীর্ঘ সময় বাইরে অবস্থান করা এড়িয়ে চলা ভালো।

বিশেষজ্ঞদের মতে, বায়ুমানের স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। আর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। স্কোর ৩০০ ছাড়িয়ে গেলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ পর্যায়ে চলে যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

ঢাকার বর্তমান অবস্থা এখনও সেই ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছায়নি। তবে সংবেদনশীল মানুষের জন্য এই বাতাস নিরাপদ নয় বলেই সতর্ক করছেন পরিবেশবিদরা। তারা বলছেন, বায়ুদূষণের এই ধারা দীর্ঘদিন চলতে থাকলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর