Tuesday 17 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সদরঘাটের চাপ কমাতে বসিলা থেকে লঞ্চ চলাচল শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৫:৩৪ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৬:২২

ঢাকা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ভোগান্তি ও সদরঘাট লঞ্চ টার্মিনালের অতিরিক্ত চাপ কমাতে রাজধানীর বসিলা ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টায় বসিলা থেকে সদরঘাট হয়ে হাকিমুদ্দিন রুটে এমভি টিপু নামের লঞ্চটি ছেড়ে যাওয়ার মাধ্যমে এই নতুন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগের দিন পর্যন্ত বসিলা সেতু সংলগ্ন এই অস্থায়ী ঘাট থেকে প্রতিদিন বিভিন্ন নৌপথে মোট ছয়টি লঞ্চ নিয়মিতভাবে যাত্রী পরিবহন করবে।

এই বিশেষ উদ্যোগের ফলে গাবতলী মোহাম্মদপুর ও বসিলা এলাকার যাত্রীরা সদরঘাটের যানজট এড়িয়ে সরাসরি নৌপথে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএর শুল্ক আদায়কারী কর্মকর্তা ইনসানুর রহমান জানান, যে প্রথম দিনের প্রথম লঞ্চটিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টায় বসিলা থেকে সদরঘাট হয়ে শরীয়তপুর রুটে এমভি ইমাম হাসান ৫ এবং বেলা ১১টায় চাঁদপুরের উদ্দেশে এমভি ঈগল ৪ বসিলা ঘাট ছেড়ে গেছে।

এ ছাড়া দুপুরের শিফটে দুপুর ১২টায় ইলিশাগামী এমভি টিপু-৬ এবং দুপুর দেড়টায় গলাচিপার উদ্দেশে এমভি বোগদাদীয়া-১২ ও এমভি শরিয়তপুর-৩ বসিলা ঘাট থেকে যাত্রা করে। বিকেলের শিফটে বিকেল সাড়ে ৫টায় ভোলার ইলিশার উদ্দেশে ছেড়ে যাবে এমভি ইয়াদ-১ লঞ্চটি।

পাশাপাশি শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকেও সকালে চাঁদপুর ও বরিশালের উদ্দেশে তিনটি বিশেষ লঞ্চ চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা এই নতুন রুট চালুর ফলে সদরঘাটের চিরচেনা জটলা অনেকাংশে কমে আসবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।

বিজ্ঞাপন

কে এই আলী লারিজানি?
১৭ মার্চ ২০২৬ ১৬:১৭

আরো

সম্পর্কিত খবর