ঢাকা: রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে নবীন পাঞ্জাবির শো-রুমে সংঘটিত ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেইসঙ্গে হাতিরঝিল থানার ওসি এবং একজন এএসআইকে ক্লোজড করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার (২০ মার্চ) বিশাল সেন্টার মার্কেটের একটি দোকানে পাঞ্জাবি বিক্রয়ের অফার নিয়ে মার্কেট কমিটির সঙ্গে সংশ্লিষ্ট শো-রুমের একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ঘটনায় কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
উপপুলিশ কমিশনার বলেন, সৃষ্ট পরিস্থিতিতে ইতোমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে ও এক এএসআইকে রাজারবাগ পুলিশ লাইনস্ এ সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।