ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফুটপাতের ব্যবসায়ীদের নির্দিষ্ট জায়গায় স্থানান্তরিত করা হবে। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ফুটপাতের ব্যবসায়ীদের ব্যবহার করছে। তাই আজ আমি এখানে উচ্ছেদ অভিযান নয়, প্রধানমন্ত্রীর মেসেজ পৌঁছে দিতে এসেছি।
রোববার (২৯ মার্চ) বিকেলে মিরপুর ১০ হোপমার্কেট থেকে মিরপুর ১ কাঁচাবাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার উচ্ছেদ অভিযানে তিনি এ কথা বলেন। তবে এসময় কোনো উচ্ছেদ অভিযান চালানো হয়নি।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি। জনগণের দাবি যে, ফুটপাত দিয়ে তারা হাঁটতে পারেন না। এখানে অবৈধভাবে ফুটপাতে ব্যবসা করছে।’
তিনি বলেন, ‘কিছুদিন আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে এসে ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের ডাইরেক্টলি বলেছে, দুই ঘণ্টার মধ্যে তাদের এখান থেকে উচ্ছেদ করে দিবে। এর পর ফুটপাতের ব্যবসায়ীরা আমার সঙ্গে দেখা করে বলছে যে, তারা ব্যবসা করে খেতে চায়। তাদের অন্যত্র কোনো ব্যবস্থা যদি করে দেওয়া যায়, তাহলে সেখানে গিয়ে ব্যবসা করতে তারা রাজি আছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার কাছে মনে হয়েছে আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলে একটা সুন্দর সমাধানের জায়গা খুঁজে দিব।’
শফিকুল ইসলাম খান বলেন, ‘জনগণের যাতায়াত ব্যবস্থাটাকে যেমন সহজ করে দিতে হবে, তেমনিভাবে যারা গরিব ব্যবসায়ী তাদের একটা বন্দোবস্ত করে দিতে হবে। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন- আমি সেই নির্দেশ অনুযায়ী কাজ করছি। সেই কারণে আজ এখানে পরিদর্শন করতে আসা।’
তিনি বলেন, ‘ফুটপাতের ব্যবসায়ীদের নিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি। ডিএমপি কমিশনার, পুলিশের আইজিপিসহ আমরা একাধিক মিটিং করেছি। আমরা অন্ততপক্ষে মেইন সড়কগুলো যেখানে আছে সেখানে যাতে কোনো যানজট না হয় আমরা সেদিকে লক্ষ্য রেখেই এই পরিকল্পনাটা হাতে নিয়েছি। ব্যবসা যারা করবেন তাদের সুযোগ আমাদেরই করে দিতে হবে। যারা ব্যবসায়ী আছেন তাদের আমি মানবিক কারণে প্রধানমন্ত্রীর মেসেজটা পৌঁছে দিতে এসেছি। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন, তবে জনগণের সুবিধা থেকে জনগণকে বঞ্চিত করে নয়। আপনারা যাতে ব্যবসা থেকে বঞ্চিত না হন, আপনাদের সকলের পরামর্শ নিয়েই একটা আমরা স্থানান্তরের ব্যবস্থা করব। সেটা আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়েই।
ব্যবসায়ীদের একটা সময় বেঁধে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘সেই সময়ের মধ্যে আমরা মতবিনিময় করে তাদের একটা ব্যবস্থা করব।’