ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডা ইউলুপ ব্রিজের ওপরে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী (২৫) অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।
হাসপাতালে পথচারী মো. বাদশা মিয়া জানান, মধ্য বাড্ডা ইউলুপ ব্রিজের নিচে থাই গ্লাসের দোকানে কাজ করি। হঠাৎ একটা শব্দ পেয়ে ওপড়ে উঠে দেখি একটি মোটরসাইকেল নিয়ে ওই যুবক আহত হয়ে পরে আছেন। আরও এক যুবককে লোকজন অন্য একটি সিএনজিতে উঠিয়ে দিচ্ছে। এরপর এই যুবককে একটি সিএনজিতে করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে জানান।
বাদশা আরও জানান, ইউলুপের ওপরে উঠে জানতে পারি একটি সিএনজি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।