Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিকারের সহধর্মিণীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ০০:৫০

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।

শুক্রবার (৩ এপ্রিল) গুলশানের সোসাইটি জামে মসজিদে এ আয়োজন করা হয়

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দোয়া মাহফিলে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। তার সহধর্মিণীর সঙ্গে দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন।

তিনি বলেন তার সহধর্মিণী একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, নিয়মিত নামায, রোজা আদায় করতেন।

স্পিকার মরহুমা সহধর্মিণী ও তার মৃত মা বাবাকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে স্পিকার দেশ ও জাতির উন্নতি ও কল্যাণে সকল নাগরিককে কাজ করার আহবান করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমা দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে তিনি চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

দোয়া মাহফিলে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, সংসদ সদস্য মো. মজিবর রহমান সরওয়ার, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাবৃন্দ, ভোলা-৩ আসনের বিএনপি’র নেতাকর্মীরা ও আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর