ঢাকা: ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ১০ লাখ টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মূল হোতা জাবেদ হোসেনকে (৫১) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। রোববার (৫ এপ্রিল) সকালে তাদের বাসার ড্রাইভার রাফির মোবাইলে অজ্ঞাত এক ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে যোগাযোগ করে। পরে ভুক্তভোগী ওই নম্বরে যোগাযোগ করলে প্রতারকরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য ১০ লাখ টাকা দাবি করে।’
এন. এম. নাসিরুদ্দিন জানান, প্রতারক চক্রটি ভুক্তভোগীর বিশ্বাস অর্জনের জন্য তার স্বামীর কণ্ঠস্বরের অনুকরণে কান্নাজড়িত কণ্ঠে ফোনে কথা বলিয়ে ভয়ভীতি সৃষ্টি করে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে দ্রুত আত্মীয়-স্বজনদের কাছ থেকে ১০ লাখ টাকা সংগ্রহ করেন।
তিনি আরও জানান, প্রতারকদের নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগী মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরে এসএ পরিবহণের মাধ্যমে ‘লুৎফর জামান’ নামে যাত্রাবাড়ী শাখার ঠিকানায় ১০ লাখ টাকা মানি পার্সেল করেন। টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে। তবে উত্তরা পৌঁছানোর পর প্রতারকদের মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ দেন।
ডিএমপি’র এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ডিবি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্ত শুরু করে। গত বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টায় কোতোয়ালী থানাধীন জনসন রোড এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে ডিএমপি পল্টন থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’