Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১০:০১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৩:০৫

ঢাকা: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণের প্রকোপে মেগাসিটি ঢাকার জনস্বাস্থ্য আবারও হুমকির মুখে পড়েছে। মাঝে কিছুটা উন্নতির আভাস পাওয়া গেলেও সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীর বাতাসের মান ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। কয়েক দিনের ধারাবাহিকতায় আজ শুক্রবার ছুটির দিন সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা আজ পঞ্চম অবস্থানে রয়েছে।

বায়ুমানের এই স্তরটি নাগরিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, দূষণের তালিকায় ২৯৬ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মিশরের কায়রো (২৮২) এবং থাইল্যান্ডের চিয়াং মাই (১৯৩)। এছাড়া ১৭৮ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু চতুর্থ অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, বায়ুমানের সূচক বা একিউআই স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ঢাকার বর্তমান স্কোর (১৬৭) সেই সীমার মধ্যেই পড়ছে। সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

পরিবেশবিদরা সতর্ক করে জানিয়েছেন, স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে পৌঁছালে বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরে চলাফেরা সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। ঢাকার বায়ুমান বর্তমানে যে অবস্থানে রয়েছে, তাতে নগরবাসীকে মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর