ঢাকা: ‘ইম্পেরিয়াল ফটোজার্নালিস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সারাবাংলা ডটনেটের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
শুক্রবার (১ মে) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনালে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
ফটো জার্নালিস্টদের কাজের মূল্যায়ন ও উৎসাহ জোগাতে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশ ও নেপালের ৩৭ জন ফটো জার্নালিস্টকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ‘দেশের ফটোসাংবাদিকেরা আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সম্মান অর্জন করলেও দেশে তারা প্রাপ্য স্বীকৃতি পান না, এটা আমাদের দুর্বলতা। সরকার এখন থেকে এই খাতের গুরুত্বপূর্ণ অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে কাজ করবে।’
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, ‘দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হলো ক্যামেরা। তাই ফটোসাংবাদিকতা শুধু ছবি ধারণ নয়, এটি বাস্তবতা তুলে ধরা, ইতিহাস সংরক্ষণ করা এবং সমাজকে সচেতন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আয়োজন সেই দায়বদ্ধ ও সৃজনশীল মানুষদের কাজের যথার্থ স্বীকৃতি।’
বাংলাদেশ থেকে সম্মাননা পাওয়া বিভিন্ন গণমাধ্যমের অন্য ফটো জার্নালিস্টরা হলেন সাজিদ হোসেন, শুভ্র কান্তি দাস, দীপু মালাকার, মোহাম্মদ পনির হোসেন, কে এম আসাদ, মুনির উজ জামান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সনি রামানি, ফিরোজ আহমেদ, রোহেত আলী, মঈনউদ্দিন আহমেদ, মামুনুর রশিদ, আবদুল গনি, মশিউর রহমান, মোশারফ হোসেন, মোহাম্মদ হাসান, হাবিবুর রহমান, জাহিদুল ইসলাম সজল, রাশেদ সুমন, মো. সৌরভ, শামছুল হক, এস এম নাসির, রিয়াজ আহমেদ, মনিরুল ইসলাম, মো. আল-আমিন, ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও শরীফ সারওয়ার।
নেপাল থেকে সম্মাননা পাওয়া ফটো জার্নালিস্টরা হলেন- প্রদীপ রাজ ওনতা, লেখা বাহাদুর শ্রেষ্ঠ, ঘনশ্যাম শ্রেষ্ঠ, প্রবীণ কুলুং রাই, মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগাল, অনুপ প্রধান, রাম শরণ মহারজান, প্রেম বাহাদুর থাপা ও উদভ কুমার শ্রেষ্ঠ।
এ ছাড়া, ফটো জার্নালিজমে ৫৭ বছর অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় রয়টার্সের ফটোসাংবাদিক রফিকুর রহমানকে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দ্য নিউ নেশনের ব্যবস্থাপনা সম্পাদক আরশাদ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন প্রমুখ। সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।