ঢাকা: ঢাকা মহানগর এলাকায় কেউ ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন বিশেষ করে লক্কর-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহন চালালে তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনারের সই করা এক গণবিজ্ঞপ্তি এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, কিছু লক্কর-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী বাস এবং পণ্যপরিবাহী যানবাহন ঢাকা মহানগরে চলাচল করছে। এ ধরনের যানবাহন প্রায়ই রাস্তা, ফ্লাইওভার, সেতুর ওপর বিকল হয়ে মারাত্মক যানজটের সৃষ্টি করে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এই অবস্থায় জনসাধারণের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতকল্পে ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ অতিক্রান্ত লক্কর-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী সকল প্রকার যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এতে বলা আরও বলা হয়, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করে ২০২৩ সালের ১৭ মার্চ বিআরটিএ’র স্মারক নং- ৩৫.০০.০০০০. ০২০.০৬.০৪১.২১-৩৬০ প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
গণবিজ্ঞপ্তি বলা হয়, ঢাকা মহানগর এলাকায় নির্ধারিত ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহন না চালানোর জন্য সংশ্লিষ্ট সকল মালিক ও ড্রাইভারগদের বিশেষভাবে অনুরোধ করা হলো। তারপরও যদি কেউ ঢাকা মহানগর এলাকায় ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন বিশেষ করে লক্কর-ঝক্কর, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহন চালায় তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর আইনানুগ ব্যবস্থা (জরিমানা, যানবাহন ডাম্পিং- এ প্রেরণ ইত্যাদি) নেওয়া হবে।
এ বিষয়ে যানবাহন মালিক, পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।