নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য প্রদান এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব আরণ্য গুলশান ঢাকা-এর উদ্যোগে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট ইসরাত জাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামীম খন্দকার। বিশেষ বক্তা হিসেবে ছিলেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার মেডিকেল অনকোলজিস্ট ডা. নারিতা খুরশিদ। এছাড়াও অনুষ্ঠানে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ডিগনিটারিজ, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে ডা. নারিতা খুরশিদ ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা, প্রতিরোধমূলক যত্ন, প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসার বিভিন্ন ধাপ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নারীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি কোনো শারীরিক পরিবর্তন বা উদ্বেগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারের পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগ নিয়ে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় চিকিৎসকের কাছ থেকে সহজ ও বাস্তবভিত্তিক পরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হয়।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট ইসরাত জাহান
অনুষ্ঠানের একটি মানবিক উদ্যোগ হিসেবে ইনার হুইল ক্লাব অব আরণ্য গুলশান ঢাকা-এর পক্ষ থেকে চিকিৎসাধীন একজন ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিকে তার নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ক্লাবের সামাজিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্কুলের ছাত্রীদের মধ্যে মেনস্ট্রুয়াল হাইজিন ও সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়। কিশোরীদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং আত্মযত্ন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রধান অতিথি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামীম খন্দকার ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তিনি নারীস্বাস্থ্য বিষয়ে খোলামেলা আলোচনা, সঠিক তথ্যের প্রসার এবং প্রয়োজনের সময়ে যথাযথ স্বাস্থ্যসেবা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ইনার হুইল ক্লাব অব আরণ্য গুলশান ঢাকা মনে করে, সচেতনতা ও সহমর্মিতার মাধ্যমে নারীদের স্বাস্থ্য ও সুস্থতার পথে আরও শক্তিশালীভাবে পাশে দাঁড়ানো সম্ভব। ভবিষ্যতেও নারীস্বাস্থ্য, জনসচেতনতা এবং মানবিক সেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ক্লাব।