ঢাকা: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ ওষুধ উৎপাদন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এবং সেনাবাহিনীর ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল এর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করেছে। এখন নির্বাপণের কাজ চলছে।’
আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।
এর আগে, এদিন সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা। এর পর ক্রমান্বয়ে একে একে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এক পর্যায়ে সেখানে যোগ দেয় সেনাবাহিনী ও বিজিবি।
জানা গেছে, কারখানাটির ছয় তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ তৈরির প্রচুর রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা ও ভয়াবহতা অনেকটাই বেড়ে যায়।