Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছুটির দিনেও স্বস্তি নেই ঢাকার বাতাসে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ০৯:৫৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১২:৫৬

ঢাকা: বাঙালি হিন্দু সম্প্র্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ। আবার শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। সবমিলিয়ে ছুটির সকালে কর্মব্যস্ত নগরবাসী যখন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার আশা করছিলেন, তখন রাজধানীর বাতাসের মান যেন আবার হতাশাই বয়ে এনেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা অবস্থান করছে চার নম্বরে। বাতাসের মান পর্যবেক্ষণকারী বৈশ্বিক সংস্থা একিউআই (AQI) এর তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় ঢাকার বাতাসের গুণমান সূচক বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৮১। একিউআই সূচকে ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকা বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়, যার অর্থ এই শহরের বাতাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

একিউআই তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর, যার একিউআই স্কোর ২৩৬। এর পরেই ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ছুটির দিনেও ঢাকার অবস্থান চার নম্বরে থাকাটা নগরবাসীর স্বাস্থ্যগত ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে বায়ুদূষণের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, অনিয়ন্ত্রিত নির্মাণকাজ এবং ইটভাটার ধোঁয়া। বিশেষ করে শুষ্ক মৌসুমের সূচনায় ঢাকার বাতাসে ধূলিকণা ও অন্যান্য ক্ষতিকর গ্যাসের পরিমাণ দ্রুত বেড়ে যায়। নগর উন্নয়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করায় এবং নির্মাণস্থলগুলো খোলা রাখায় ধুলাবালি সরাসরি বাতাসে মিশে বাতাসের মান দ্রুত অবনতি ঘটাচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা জারি করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের অস্বাস্থ্যকর বায়ু শিশু, বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যায় ভোগা রোগীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। তারা পরামর্শ দিয়েছেন, ছুটির দিনেও খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে না যাওয়া ভালো। বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ধূলিকণা ও ক্ষতিকর পদার্থের প্রবেশ কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব হয়। শহর জুড়ে কার্যকর বায়ুদূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার ওপরও তাঁরা তাগিদ দেন।

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর