Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিলখানার গেটে স্বামীর অপেক্ষায় ১৭ বছর— এমন দাবি ভিত্তিহীন

তাহমিনা ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৯:৫৪

পিলখানার গেটে লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকা নারী শাফি তামান্না নুপুর। ছবি: সারাবাংলা

ঢাকা: ‘২০০৯ সালের বিডিআর বিদ্রোহে স্বামী নিহত হওয়ার পর থেকে ১৭ বছর ধরে বিজিবি সদর দফতরের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছেন এক নারী।’— সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দাবি করা হয়েছে। তবে সারাবাংলার এই প্রতিবেদক সরেজমিনে ওই নারীর সঙ্গে কথা বলে জানতে পারে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ওই নারীর ভাষ্য, তার বিয়েই হয়নি।

সম্প্রতি ‘মিনহাজুল ইসলাম তাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওই নারীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘২০০৯ সালের বিডিআর বিদ্রোহে স্বামীকে হারিয়ে ১৭ বছর ধরে পিলখানার গেটে অপেক্ষা করছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর ১০ লাখের বেশি বার দেখা হয়েছে।’

বিজ্ঞাপন

ভিডিওতে প্রচারিত গল্প অনুযায়ী, বিয়ের মাত্র এক সপ্তাহ পর স্বামীকে নিয়ে কক্সবাজারে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই নারী। এ জন্য ছুটির অনুমতিও পেয়েছিলেন বিডিআর সদস্য স্বামী। পরিকল্পনা ছিল, স্ত্রী লাগেজ নিয়ে পিলখানার গেটে অপেক্ষা করবেন। কিন্তু বিডিআর বিদ্রোহে স্বামীর মৃত্যুর কারণে তাদের সেই যাত্রা আর হয়ে ওঠেনি। এর পর থেকেই স্বামীর অপেক্ষায় প্রতিদিন লাগেজ নিয়ে পিলখানার গেটে দাঁড়িয়ে থাকেন ওই নারী। এমন আবেগঘন বর্ণনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিলখানায় বিজিবি সদর দফতরের ৩ নম্বর গেট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে অবস্থান করছেন ওই নারী। কথা বলে জানা যায়, তার নাম শাফি তামান্না নুপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গল্পের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার বিয়েই হয়নি। ফলে স্বামী হারিয়ে ১৭ বছর ধরে অপেক্ষা করার দাবির কোনো সত্যতা নেই।

ওই নারীর কাছ থেকে আরও জানা যায়, তার গ্রামের বাড়ি ভোলার বাংলাবাজার এলাকায়। তিনি আগে গাজীপুরে থাকতেন। বর্তমানে প্রায় পাঁচ মাস ধরে আজিমপুর কবরস্থানের পাশের ফুটপাতে অবস্থান করছেন বলেও জানান তিনি।

এদিকে পিলখানার ৩ নম্বর গেট এলাকার কয়েকজন দোকানি ও পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, গত চার-পাঁচ মাস ধরে ওই নারীকে এলাকায় দেখা যাচ্ছে। স্থানীয়দের কেউ কেউ জানান, তাকে অন্যত্র চলে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করা হলেও তিনি সেখানে অবস্থান করছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিজিবি সদর দফতরের এক কর্মকর্তা জানান, ওই নারীকে একাধিকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবে তিনি কারও কথা শুনছেন না। ওই কর্মকর্তাসহ স্থানীয় কয়েকজনের ধারণা, নারীটি মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগতে পারেন।

সব মিলিয়ে, বিডিআর বিদ্রোহে স্বামী হারিয়ে ১৭ বছর ধরে পিলখানার গেটে অপেক্ষা করার যে আবেগঘন গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সরেজমিনে পাওয়া তথ্য ও ওই নারীর বক্তব্যে তার সত্যতা মেলেনি।

সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর