Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে ২ ভাড়াটিয়ার ঝগড়া, একজনের আঘাতে আরেকজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৬ ০১:৫৪

প্রতীকী। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে দুই ভাড়াটিয়ার মধ্যে ঝগড়ায় এক ভাড়াটিয়ার ধারাল অস্ত্রের আঘাতে আনোয়ার হোসেন (৩০) নামে আরেক ভাড়াটিয়া নিহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের আদর্শ স্কুলের পেছনের একটি বাসায় ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চাল্লা গ্রামে। বাবার নাম মাইনুর রহমান।

হাসপাতালে নিহত আনোয়ার হোসেনের প্রতিবেশী মো. সাকিব হোসেন জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ৮ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন তারা। আনোয়ার মিরপুরে বুটিক্সের কাজ করেন। রাতে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে আরেক ভাড়াটিয়া আরিফ হোসেনের সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে আরিফ ধারাল অস্ত্র দিয়ে আনোয়ারের পিঠের বাম পাশে আঘাত করে। এতে আনোয়ার অচেতন হয়ে পড়ে যায়। পরে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. রহাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আনোয়ারের পিঠের বাম পাশে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর