Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকোপার্ক থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১১:২৯ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১১:৩২

জান্নাতুল নিশা ইরা।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকায় শ্বাসনালি কাটা সেই সাত বছরের শিশু জান্নাতুল নিশা ইরা মারা গেছে।

তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শিশুটি মারা যায়।

শিশু জান্নাতুল নিশার চাচা মো. রমিজ উদ্দীন মৃত্যুর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন।

রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়। সোমবার শিশুটিকে ওয়ান–স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, রোববার সকালে সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। ইকোপার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা শিশুটিকে উদ্ধার করেন। প্রথমে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছিল। তবে কে বা কারা এ ঘটনা ঘটাতে চেয়েছিল, তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এদিকে পরিবারের সদস্যরাও এ ঘটনার বিচার চেয়েছেন। তবে কে বা কারা এ ঘটনায় সম্পৃক্ত তা জানেন না বলে জানিয়েছেন তারা। শিশুটির পরিবার বলছে, সে কীভাবে দুর্গম পাহাড়ি এলাকায় গেছে, সেটি জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সকাল ১০টার দিকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে থাকা সহস্রধারা ঝরনার আরও অন্তত ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের ধারে শিশুটি গলাকাটা অবস্থায় পড়ে ছিল। এ সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সেখানে সড়কটির সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। তাদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তারা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিশুটিকে।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম সারাবাংলাকে জানান, ওই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে শিশুর মা বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। আমরা অপরাধীকে শনাক্তের চেষ্টা করছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর