চট্টগ্রাম: চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামী আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সীতাকুণ্ডে সাম্প্রতিক যে নৃশংস ঘটনা ঘটেছে, তা সমগ্র জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
বুধবার (৪ মার্চ) সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাজার এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জানানোর সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের নৃশংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং তিনি গভীরভাবে মর্মাহত। বিচার নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।
উল্লেখ্য, সোমবার (২ মার্চ) সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্ক এলাকায় গলা কাটা অবস্থায় জান্নাতুল নাইমা ইরা (৭) নামের এক শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার (৩ মার্চ) ভোরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাবু শেখ ওরফে মাহবুব আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।