Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: পুলিশ সুপার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ২০:৪৭

ট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধমূলক কার্যক্রম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

বুধবার (১১ মার্চ) জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকা পরিদর্শন শেষে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকার স্থানীয় জনগণকে আইনসম্মত সকল কার্যক্রমে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এলাকায় সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে পুলিশ প্রয়োজনীয় সহায়তা করবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সবসময় তাদের পাশে থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া কোনো মহল বা চক্রান্তকারী গোষ্ঠীর অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্যে কেউ যেন বিভ্রান্ত না হন—সে বিষয়ে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর ও আলিপুর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এসএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর