Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৭ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৯:৫২

ভাসানচর থেকে পালিয়ে আসা ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপে আটক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নোয়াখালীর ভাসানচর আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা ৩৭ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় নৌবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

পালিয়ে আসা রোহিঙ্গাদের দলটিতে ১২ জন পুরুষ, আট জন নারী এবং ১৭ জন শিশু রয়েছেন।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘রোহিঙ্গাদের উদ্ধার করে আমরা হেফাজতে নিয়েছি। তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে শুনেছি।’

আটক রোহিঙ্গারা জানান, ৯ মার্চ এক দালালের সহযোগিতায় জনপ্রতি পাঁচ হাজার টাকা চুক্তিতে ভাসানচর থেকে গাজী মাঝির ট্রলারে চট্টগ্রামের নতুন ব্রিজের উদ্দেশে রওনা দেয় তারা। তিন দিন ভাসানচরের জঙ্গলে ও দু’দিন ট্রলারে ঘুরিয়ে শুক্রবার রাত ১০ টায় তাদের সন্দ্বীপ উপকূলে নামিয়ে দিয়ে ট্রলার চলে যায়। যাওয়ার সময় রোহিঙ্গাদের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল কেড়ে নেয় দালালচক্র।

বিজ্ঞাপন

পরে তারা হেঁটে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এসে পৌঁছলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। সন্দ্বীপ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরে আটক রোহিঙ্গাদের সাময়িকভাবে সন্তোষপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়।

ওসি নাজমুন নুর জানান, আটককৃতদের উপজেলা প্রশাসনের সহায়তায় সন্তোষপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।, ‘তাদের ভাসানচরে ফেরত পাঠানো হবে।’

সারাবাংলা/এসএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর